সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

৭ অক্টোবর, ২০২৪ ১২:০২  

টেলিকম ও জ্বালানী খাতে আলোচিত সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশনা দিয়ে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে।

সূত্রমতে, চিঠিতে সামিট গ্রুপের চেয়ারম্যানের পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। তাদের হিসাবের তথ্য জানার জন্য হিসাবে ফরম লেনদের বিবরণীসহ যাবতীয় তথ্য বিএফআইইউ এর কাছে পাঠাতে বলা হয়েছে। ব্যাংক হিসাব স্থগিত করা সামিট পরিবারের সদস্যরা হ‌লেন— মোহাম্মদ আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, আঞ্জুমান আজিজ খান, আয়শা আজিজ খান, আদিবা আজিজ খান, জাফর উদ্দীন খান, মোহাম্মদ লতিফ উদ্দিন খান, মোহাম্মদ ফরিদ উদ্দিন খান, সালমান খান, কর্নেল (অব.) ফারুক খান।

সোমবার (৭ অক্টোবর) বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, হিসাব স্থ‌গিত করা ব্যক্তি ও তাদের মালিকানা ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। রোববার (৬ অক্টোবর) তাদের হিসাব স্থগিত করা হয়।

এর আগে সামিটসহ ৭ কোম্পানির মালিকানা হস্তান্তর স্থগিত করতে জয়েন্ট স্টকে চিঠি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিঠিতে এনবিআর কোম্পানিগুলোর শেয়ার স্থানান্তর (ক্রয়-বিক্রয় এবং দান) স্থগিত করার জন্য অনুরোধ করেছে। আইকর আইন, ২০২৩-এর ২২৩ ধারার অধীনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর ফাঁকি রোধে সম্পত্তির অন্তর্বর্তীকালীন অবরুদ্ধকরণ বা ক্রোকের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সংরক্ষণ করে। 

চলমান তদন্ত অনুযায়ী, এসব কোম্পানির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগসহ আর্থিক অনিয়মের মতো গুরুতর অভিযোগ রয়েছে। যার কারণে এসব কোম্পানির শেয়ার স্থানান্তর (ক্রয়-বিক্রয় এবং দান) স্থগিত করার জন্য অনুরোধ করা হয়েছে।